ভিয়েতনামের মধ্যাঞ্চলে গত সপ্তাহে আঘাত হানা বিধ্বংসী বন্যায় কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৯ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ডাইক ম্যানেজমেন্ট ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বিভাগ।
স্থানীয় গণমাধ্যম ভিএন এক্সপ্রেস জানায়, আকস্মিক প্লাবনে ৫২ হাজারের বেশি বাড়িঘর ডুবে গেছে। ধ্বংস হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি; নষ্ট হয়েছে বিপুল পরিমাণ গবাদিপশু ও হাঁস–মুরগি।
সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ডাক লাক প্রদেশে, যেখানে ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। খানহ হোয়া প্রদেশে প্রাণ হারিয়েছে আরও ১৪ জন। দুর্যোগের সময় ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়লেও, এর মধ্যে প্রায় ৬ লাখ পরিবারের সরবরাহ ইতোমধ্যে পুনরুদ্ধার করা হয়েছে।
এছাড়া বিভিন্ন সড়কে অন্তত ১৪০টি ভূমিধসের ঘটনা ঘটে, যা ত্রাণ–উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি মোকাবিলায় হাজার হাজার কর্মী ও নিরাপত্তা সদস্যকে মাঠে নামিয়েছে কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :