নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্প চলাকালীন দেয়াল ধসে ফাতেমা নামের এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল দশটা ৪০ মিনিটের দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ফাতেমা ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ভুমিকম্প শুরু হলে শিশু ফাতেমা তার মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমকে সঙ্গে নিয়ে ভুলতা গাউছিয়া যাওয়ার পথে ছিলেন। এ সময় সড়কের পাশের একটি পুরোনো দেয়াল প্রবল কম্পনের মুখে তাদের ওপর ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শিশু ফাতেমার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত দেয়ালের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় শিশুর মা কুলসুম বেগম এবং প্রতিবেশী জেসমিন বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :