ঢাকায় তিন দিনের রাষ্ট্রীয় সফরে থাকা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। তোবগে বিকেল চারটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান ড. ইউনূস।
সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এর আগে তোবগে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন রয়েছে।
শনিবার সকালে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা। দেওয়া হয় গার্ড অব অনার এবং ১৯ বার তোপধ্বনি। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংক্ষিপ্ত কথোপকথনে তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং শোক প্রকাশ করেন।
বিমানবন্দর থেকে তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী ল্যোনপো ডি. এন. ধুঙিয়েল, শিল্প–বাণিজ্য–কর্মসংস্থান মন্ত্রী ল্যোনপো নামগিয়াল দর্জি ও অন্যান্য সিনিয়র কর্মকর্তা।
তোবগে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন।
আপনার মতামত লিখুন :