রাজধানীতে প্রায় ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করল রাজউক


বাংলার মুখ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

রাজধানীজুড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করেছে রাজউক। সংস্থার চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সোমবার এক অনুষ্ঠানে জানান, সঠিক সমন্বয় না হলে কোনো ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি সামলানো কার্যত অসম্ভব।

তিনি বলেন, “সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগ ছাড়া দুর্যোগ মোকাবিলা সম্ভব নয়।”

রিয়াজুল ইসলাম আরও জানান, রাজউকের আওতায় ভবন নির্মাণের অনুমোদন কঠোর নিয়ম মেনেই দেওয়া হয় এবং সংস্থাটিতে অর্থের বিনিময়ে কোনো অনিয়মের সুযোগ নেই।

তার ভাষায়, ভবনের নকশা রাজউক করে দেয় না; বরং বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দিয়ে নকশা জমা দেন রাজউকে। নকশা অনুমোদনের পর নিয়ম মানা হচ্ছে কি না তা নিশ্চিত করার দায়িত্বও মালিকদের ওপরই পড়ে। “নিয়ম ভাঙলে জরিমানা বা শাস্তি মালিকদেরই প্রাপ্য, রাজউকের নয়,” তিনি বলেন।

রাজউক চেয়ারম্যানের অভিযোগ, সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস পৃথকভাবে কাজ করায় পুরো ব্যবস্থাপনা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।