পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি

শাহবাগে বিসিএস পেছানোর আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ৮:১০ অপরাহ্ন

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মঙ্গলবার শাহবাগে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকালের দিকে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের দিকে অগ্রসর হতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে—জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে অন্তত পাঁচজন পরীক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে শাকিল আহমেদ, আশিকুর রহমান, শাহিনুর, আবরার শাহরিয়ার উল্লাস ও রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাহিনুরের মাথায় লাঠির আঘাত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, সন্ধ্যার দিকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হলেও এবার মাত্র ৫০ দিনের প্রস্তুতি সময় নির্ধারণ করা হয়েছে, যা তারা ‘অন্যায্য’ ও ‘অবাস্তব’ বলে দাবি করছেন।

দিনভর উত্তেজনার মধ্যে আন্দোলনকারীদের একাংশ পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন, যুক্তি দেন—অত্যন্ত কম সময় দিয়ে পরীক্ষার্থীদের প্রতি বৈষম্য করা হয়েছে।