বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ বিষয়ে ঢাকা থেকে পাঠানো অনুরোধ ভারত পর্যালোচনার পর্যায়ে রেখেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নিউ দিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।
জয়সওয়াল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ নতুন করে প্রত্যর্পণের অনুরোধ পাঠিয়েছে। “আমরা অনুরোধটি পেয়েছি, এবং এটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।”
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র–জনতা নেতৃত্বাধীন আন্দোলনের মুখে বাংলাদেশ ত্যাগ করে আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর অবস্থান গোপন থাকলেও বাংলাদেশ ইতোমধ্যে দুবার তাঁকে ফেরত চাইতে চিঠি পাঠিয়েছে। তবে দিল্লি এবার প্রথমবারের মতো চিঠি পাওয়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করল।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি “বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ” এবং সে কারণে সব পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।
ঢাকা গত ডিসেম্বরে প্রথম প্রত্যর্পণের অনুরোধ পাঠায়। চলতি মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশের পর দ্বিতীয় অনুরোধটি পাঠানো হয়, যা এখন ভারতের আইনি কাঠামোর মধ্যে যাচাই করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, দ্য স্টেটসম্যান
আপনার মতামত লিখুন :