ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প, ক্ষয়ক্ষতির তথ্য নেই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৪:৫২ অপরাহ্ন

ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

হালকা এই ভূমিকম্পের পর দেশে সামাজিক মাধ্যমে গুজব ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে—যা বিশেষজ্ঞদের মতে অযৌক্তিক। তুরস্ক–সিরিয়া সীমান্তে ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের পর যেমন ভারত–পাকিস্তানে বড় কম্পনের ভুল পূর্বাভাস ছড়িয়েছিল, এবারও তেমন আতঙ্কের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

ভূমিকম্পবিদরা দীর্ঘদিন ধরেই জোর দিয়ে বলে আসছেন, ভূমিকম্পের সুনির্দিষ্ট সময় বা দিন পূর্বাভাস দেওয়ার কোনো বৈজ্ঞানিক সক্ষমতা আজও তৈরি হয়নি। যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশলী প্রফেসর মাইকেল ব্রুনো তখন বলেছিলেন, “ভূমিকম্পের নির্দিষ্ট সময় জানার মতো কোনো বিজ্ঞান এখনো নেই।” একইভাবে, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক প্রফেসর এগিল হোকসনও জানান, সময় নির্ধারণ করে ভূমিকম্প পূর্বাভাস দেওয়া এখন পর্যন্ত সম্ভব হয়নি।