ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৬:২৬ অপরাহ্ন

দেশে ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৭৮৪ জন। নভেম্বরেই এখন পর্যন্ত মারা গেছেন ৯৯ জন—যা অক্টোবরের ৮০ মৃত্যুকেও ছাড়িয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু সংক্রান্ত তথ্য নথিভুক্ত করছে। এর মধ্যে ২০২৩ সাল ছিল সর্বোচ্চ বিপর্যয়ের বছর, যখন হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজারের বেশি রোগী এবং মারা যায় ১,৭০৫ জন।