অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধিত অধ্যাদেশ অনুমোদন করেছে, যেখানে দুদক কর্মকর্তাদের সম্পদের বিবরণ বাধ্যতামূলক করার বিধান যুক্ত হয়েছে। পাশাপাশি কমিশনের কার্যক্রমের পরিধি বাড়ানো এবং ছয় মাস পরপর অনলাইনে প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান প্রেস সচিব শফিকুল আলম।
নতুন কাঠামোয় দুদকের কমিশনার সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করা হবে—এদের মধ্যে একজন নারী এবং অন্তত একজন বা দুইজন আইটি পেশাদার থাকার কথা। প্রেস সচিবের ভাষ্যমতে, ডিজিটাল লেনদেনের যুগে দুর্নীতির ধরণ বদলে যাওয়ায় প্রযুক্তি বিশেষজ্ঞের উপস্থিতি এখন জরুরি।
চূড়ান্ত অনুমোদনের সময় আরও দুটি প্রস্তাব যোগ করা হয়েছে:
১) দুদক প্রতি ছয় মাস অন্তর ওয়েবসাইটে সর্বজনীন প্রতিবেদন প্রকাশ করবে।
২) দুর্নীতি তদন্তে প্রত্যক্ষভাবে যুক্ত কর্মকর্তাদের সম্পদের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
সরকার বলছে, এসব পরিবর্তন স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :