শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। নিখোঁজ আছেন আরও ২১ জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রকে (ডিএমসি) উদ্ধৃত করে এ তথ্য জানায় এএফপি।
নিহতদের বেশিরভাগই দেশের মধ্যাঞ্চলের চা-বাগান এলাকা বদুল্লার বাসিন্দা—যেখানে রাতের বেলায় পাহাড়ি ঢাল ধসে ঘরবাড়ির ওপর পড়ে অন্তত ২১ জন প্রাণ হারান। নুয়ারা এলিয়া জেলাতেও মাটি চাপায় আরও চারজনের মৃত্যু হয়েছে; বাকি হতাহতের ঘটনা অন্যান্য অঞ্চলে।
ডিএমসি জানায়, কাদাধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৪২৫টি বাড়ি, এবং প্রায় ১,৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর পানি দ্রুত বাড়ায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরতে সতর্ক করা হয়েছে।
দেশটিতে উত্তর–পূর্ব মৌসুমি বায়ু চলমান থাকলেও পূর্বদিকে অবস্থানরত একটি নিম্নচাপ বৃষ্টিপাতকে আরও তীব্র করেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
আপনার মতামত লিখুন :