ইমরান খানের জীবিত থাকার প্রমাণ চাইলেন ছেলে কাসিম


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইচ্ছাকৃতভাবে ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ করে রাখা হচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছেন তার ছোট ছেলে কাসিম খান। এক্স-এ প্রকাশিত বিবৃতিতে তিনি দাবি করেন, পরিবারের কাউকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি তার জীবিত থাকার প্রমাণও তারা পাচ্ছেন না।

কাসিম, যিনি যুক্তরাজ্যে বসবাস করেন এবং সক্রিয় রাজনীতি থেকে দূরে, জানান—ইমরান খান টানা ৮৪৫ দিন ধরে কারাবন্দি, এবং গত ছয় সপ্তাহ ধরে ডেথ সেল–এর একক সেলে রাখা হয়েছে। আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও পরিবারের সাক্ষাৎ–অধিকার অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। “কোনও ফোন নয়, কোনও সাক্ষাৎ নয়—আমরা জানিও না তিনি জীবিত আছেন কি না,” লিখেছেন কাসিম।.

নানা দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত সাবেক ক্রিকেট তারকা ইমরান খান বর্তমানে কারাগারে আছেন। তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ও দুই ছেলে দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যে বসবাস করেন এবং পাকিস্তানের রাজনীতি থেকে দূরে।

কাসিম সতর্ক করে বলেন, ইমরান খানের নিরাপত্তা নিয়ে যেকোনও ঘটনার জন্য পাকিস্তান সরকার ও তাদের ‘হ্যান্ডলারদের’ আইনগত, নৈতিক ও আন্তর্জাতিক দায় বহন করতে হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানান—ইমরানের জীবিত থাকার প্রমাণ নিশ্চিত করা, আদালতের নির্দেশমতো সাক্ষাৎ পুনর্বহাল করা এবং “রাজনৈতিক কারণে আটক” পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতার মুক্তির দাবি তোলার আহ্বান জানান।