হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। আহত হয়েছেন অন্তত ৭৬ জন, যাদের মধ্যে ১১ জন দমকলকর্মী রয়েছেন। শুক্রবার ভোরে স্থানীয় ফায়ার সার্ভিস সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
আগুন ছড়িয়ে পড়ে কমপ্লেক্সের আটটি ব্লকে, যেখানে ভবনের চারপাশে থাকা বাঁশের মাচা ও ভেতরে থাকা দাহ্য বস্তু আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকা আগুনে ভবনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিহতদের মধ্যে একজন ৩৭ বছর বয়সী দমকলকর্মীও আছেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও পুড়ে যাওয়া ভবনগুলোতে এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। নির্মাণকাজ চলমান থাকায় ভবন ঘেরা বাঁশের মাচা ও প্লাস্টিকের নিরাপত্তা জালও তদন্তের আওতায় রাখা হয়েছে। দুর্নীতি দমন সংস্থাও কমপ্লেক্সের সংস্কারকাজ নিয়ে পৃথক তদন্ত করছে। এদিকে, ফোম প্যাকেজিং অসাবধানতাবশত ফেলে রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসিন্দারা জানান, তারা আগুন লাগার সময় কোনো সতর্কসংকেত পাননি। কারো কারো বর্ণনায়, প্রতিবেশীদের রক্ষা করতে দরজায় নক করে সতর্ক করতে হয়েছে তাদেরই। একজন বাসিন্দা বলেন, “একটি মাত্র হোস পাইপ দিয়ে এত বড় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা—অবাস্তব মনে হচ্ছিল।”
দুর্যোগের পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে মানুষ এগিয়ে আসেন। সহায়তা কেন্দ্র পরিচালনাকারী ৩৮ বছর বয়সী স্টোন বলেন, “হংকংবাসীর মানসিকতা এমনই—একজন বিপদে পড়লে সবাই পাশে দাঁড়ায়।
আপনার মতামত লিখুন :