ভোলা–বরিশাল সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবিতে ঢাকায় বসবাসরত ভোলার মানুষ শুক্রবার বিকেলে শাহবাগে অবস্থান নিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভোলা–বরিশাল সেতু, ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, গ্যাস সংযোগ এবং অবকাঠামো উন্নয়ন।

আন্দোলনকারীরা জানান, ভোলা–বরিশাল সেতু তাদের সবচেয়ে জরুরি দাবি, যা দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তাদের মতে, সেতুটি নির্মিত হলে অর্থনৈতিক কার্যক্রম গতি পাবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং নদীভাঙনে বিপর্যস্ত মানুষের দুর্ভোগ কমবে।

শাহবাগে কয়েক দিন ধরে চলমান কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার একটি বড় মিছিল হয়, যেখানে হাজারো মানুষ অংশ নেন। আন্দোলনকারীরা বলেন, “এই দাবির সঙ্গে পুরো ভোলাবাসীর সমর্থন রয়েছে। সরকারের উচিত দ্রুত সেতু নির্মাণে উদ্যোগ নেওয়া।”

বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে ঢাকায় থাকা ভোলাবাসী কর্মসূচিতে উপস্থিত হন।