কৃষ্ণসাগরে রুশ তেলবাহী দুই ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ইউক্রেনের নৌবাহিনী কৃষ্ণসাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ‘ছায়া নৌবহর’-এর দুই জ্বালানিবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানা যায়।

কর্মকর্তারা জানান, ‘কায়রোস’ ও ‘বিরাট’ নামের গাম্বিয়ার পতাকাবাহী ট্যাংকার দুটি খালি অবস্থায় রাশিয়ার গুরুত্বপূর্ণ নোভোরোসিস্ক তেল টার্মিনালের দিকে যাচ্ছিল। বিবিসি-যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, দ্রুতগতির ড্রোন ট্যাংকারে আঘাত হানার পর বিস্ফোরণ ঘটে এবং তীব্র আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ইউক্রেনীয় এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, হামলায় ট্যাংকার দুটি “মারাত্মক ক্ষতিগ্রস্ত” হয়ে কার্যত সেবার বাইরে চলে গেছে। এতে রাশিয়ার তেল পরিবহন সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তুরস্কের উপকূলে শুক্রবার প্রথম হামলার ঘটনা ঘটে। পরদিন শনিবার ‘বিরাট’ ট্যাংকারে আরেকটি হামলার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।