আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

সারা দেশের আরও ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় আটটি পৃথক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তার নিয়োগ নিশ্চিত করে।

এ নিয়ে গত এক সপ্তাহে ২৪৩টি উপজেলায় নতুন ইউএনও নিয়োগ হলো; ২৬ নভেম্বর প্রথম দফায় ১৬৬টি উপজেলায় ইউএনও বদলি করা হয়েছিল।

সর্বশেষ প্রজ্ঞাপনে ঢাকা বিভাগে ১৮, বরিশালে ৪, চট্টগ্রামে ৭, খুলনায় ১২, রংপুরে ১১, রাজশাহীতে ১৪, সিলেটে ৮ ও ময়মনসিংহ বিভাগে ৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগের কথা জানানো হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ৪ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত তারিখে যোগ না দিলে তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে বর্তমান পদ থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এই ব্যাপক রদবদল করা হচ্ছে।