ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ৮:৪৪ পূর্বাহ্ন

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বৃহস্পতিবার ভোরে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে হওয়া এই কম্পনের মাত্রা ছিল ৪.১। উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর এলাকায়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ২৭–৩০ কিলোমিটার এবং কেন্দ্র ছিল টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।

হঠাৎ কম্পনে ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি জেলায় সকালবেলা অনেকের ঘুম ভেঙে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ঝাঁকুনি অনুভব করার অভিজ্ঞতা জানান।

গত কয়েক সপ্তাহে একাধিক ভূমিকম্পে বিশেষজ্ঞরা বড় ধরনের কম্পনের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন। তারা পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কারের পরামর্শ দিয়েছেন।