অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ—হাইকোর্টের এই রায় বহাল রেখেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিটকারীর লিভ টু আপিল খারিজ করেন।
এর ফলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে আর কোনো প্রশ্ন রইল না।
বুধবার শুনানি শেষে আজ আদেশের তারিখ ধার্য ছিল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ।
শুনানিতে ইন্টারভেনর হিসেবে অ্যাডভোকেট শিশির মনির যুক্তি দেন—“জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতাই রাজনৈতিক বৈধতার মূল ভিত্তি।”
গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট তা খারিজ করে জানায়—যেহেতু জনগণ সরকারের ওপর আস্থা রেখেছে, তাই এর বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ নেই। সেই রায়ের বিরুদ্ধেই লিভ টু আপিল করেছিলেন রিটকারী।
আজকের রায়ে দেশের সর্বোচ্চ আদালতও একই অবস্থান বহাল রাখল।
আপনার মতামত লিখুন :