বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার জন্য যাত্রায় তার সঙ্গে থাকবেন দলের শীর্ষ পর্যায়ের নেতাসহ ১৪ জন ঘনিষ্ঠ সহযোগী। বিষয়টি বৃহস্পতিবার ড. এনামুল হক চৌধুরী নিশ্চিত করেছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে কাতার থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবারই তাকে লন্ডনে নেওয়া হতে পারে। প্রয়োজন হলে যাত্রা এক দিন পিছিয়ে শনিবার অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন। তারা হলেন—খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। আরও থাকবেন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন জানান, অবস্থার স্থিতিশীলতার ওপর নির্ভর করে আজ মধ্যরাত বা আগামী সকালেই লন্ডনের উদ্দেশে যাত্রার প্রস্তুতি রয়েছে। সেখানে আগেই নির্ধারিত একটি হাসপাতালে তার চিকিৎসা চলবে এবং একটি বিশেষায়িত মেডিকেল টিম পুরো যাত্রাপথে সঙ্গে থাকবে।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, কিডনি জটিলতা, ফুসফুসের সমস্যা ও অন্যান্য দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী। চলতি বছর জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ১১৭ দিনের অবস্থান শেষে মে মাসে দেশে ফেরেন তিনি। সর্বশেষ ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও সংক্রমণ দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় আছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :