লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পরপরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। চিকিৎসকদের সঙ্গে আলোচনায় তিনি খালেদা জিয়ার চিকিৎসা পরিকল্পনা ও সম্ভাব্য বিদেশযাত্রা নিয়ে মতবিনিময় করেন। হাসপাতালেই তিনি এখন খালেদা জিয়ার শয্যাপাশে অবস্থান করছেন।
শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান জুবাইদা। হাসপাতালে তাকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ দলীয় নেতারা।
দলীয় সূত্র বলছে, লন্ডনে উন্নত চিকিৎসায় যেতে হলে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন জুবাইদা রহমান। তবে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা একদিন পিছিয়েছে। অ্যাম্বুলেন্সটি শনিবার পৌঁছাতে পারে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর।
এর আগে একই ধরনের এয়ার অ্যাম্বুলেন্সে চলতি বছরের শুরুতে লন্ডনে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। দলীয় নেতারা জানান, জরুরি প্রয়োজন দেখা দিলে বিকল্প ব্যবস্থায়ও তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা আছে।
আপনার মতামত লিখুন :