৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী দূরবর্তী অঞ্চলে শনিবার স্থানীয় সময় দুপুরে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং কানাডার ইউকন প্রদেশের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় কম্পন তীব্র ছিল।

কানাডার রয়েল মাউন্টেড পুলিশের হোয়াইটহর্স শাখা জানায়, অনেক মানুষ কম্পন অনুভব করলেও প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা অভিজ্ঞতাটি তুলে ধরেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সুনামির আশঙ্কাও নেই।

ভূমিকম্পটি সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় হওয়ায় ক্ষতি সীমিত থাকছে বলে মনে করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট জরুরি বিভাগগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।