ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুনে ২৩ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১২:০০ অপরাহ্ন

উত্তর গোয়ার আরপোরা এলাকার এক জনপ্রিয় নাইটক্লাবে মধ্যরাতে ভয়াবহ আগুনে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রোববার ভোরে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ঘটনাটিকে “গোয়ার জন্য বেদনাদায়ক দিন” হিসেবে উল্লেখ করেন।

শনিবার রাতের এ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ‘বার্চ বাই রোমিও লেন’ নামে ক্লাবটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনজন দগ্ধ হয়ে ও বাকিরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

মুখ্যমন্ত্রী সাওয়ান্ত ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গোয়া পুলিশের মহাপরিচালক জানিয়েছেন, সব মরদেহ উদ্ধার হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে গোয়ার পর্যটন নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।