নিঃশর্ত ক্ষমা চাইলেন স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ৬:১০ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনার পর শোকজ নোটিশ পেয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ। রোববার বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল পরিচালক বরাবর লিখিত জবাব জমা দেন।

ধনদেব বলেন, “ডিজি স্যার একজন প্রবীণ মানুষ। উত্তপ্ত পরিস্থিতিতে আমারও বেয়াদবি হয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি।”

ঘটনাটি ঘটে শনিবার, যখন ডিজি হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শন করছিলেন। কক্ষে টেবিল থাকার বিষয়ে প্রশ্ন তুললে ধনদেব তর্কে জড়িয়ে পড়েন। ওই ঘটনার পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

ধনদেব চন্দ্র বর্মণ ২০২৩ সালের আগস্ট থেকে হাসপাতালের ওয়ান-স্টপ সার্ভিসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বছরের জুলাই মাসে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শোকজের জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।