ইসির সঙ্গে জামায়াতের বৈঠক


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার প্রহরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসল জামায়াতে ইসলামী।

সোমবার বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুরু হওয়া এ বৈঠকে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ কমিশনাররা আলোচনায় উপস্থিত ছিলেন।

গত সপ্তাহে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকের পর এবার জামায়াতের আলোচনায় বসা—নির্বাচন প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে সকালেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

রবিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইসির বৈঠকে কমিশন জানায়, ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য তারা ‘সম্পূর্ণ প্রস্তুত’। নির্বাচন প্রস্তুতিতে সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও কমিশনাররা। প্রধান উপদেষ্টাও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এদিকে সোমবার সকালে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, ৮ থেকে ১৫ ডিসেম্বরের যেকোনো দিন তফসিল ঘোষণা করা হবে।