নির্বাচন কমিশন

উপদেষ্টা পদে থেকে নির্বাচনে অংশ নেওয়া যাবে না


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কিংবা সরকারি যেকোনো পদে থাকা ব্যক্তিদের প্রার্থী হওয়া নিষিদ্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।

কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মঙ্গলবার সাংবাদিকদের জানান, সরকারি পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং কোনো প্রার্থীর পক্ষে প্রচারও চালাতে পারবেন না।

নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, তফসিল ঘোষণার প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আসনবিন্যাস, রিটার্নিং অফিসার নিয়োগ, ২০টির বেশি পরিপত্র, নির্বাচনকালীন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ—সবকিছুই প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর এগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কমিশনের দায়িত্ব নয়। সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব শুরু হবে তফসিল ঘোষণার পর থেকেই। তিনি আরও জানান, চূড়ান্ত পোস্টাল ব্যালটে কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ কোনো দলের প্রতীক থাকবে না।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে।