১৭ ঘণ্টা পরও উদ্ধার হয়নি শিশু স্বাধীন, তানোরে সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা অব্যাহত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে ১৭ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। রাতভর মাটি খননের পর ফায়ার সার্ভিস বৃহস্পতিবার ভোরে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছে।

বুধবার দুপুরে নলকূপের প্রায় ৩০ ফুট গভীর গর্তে পড়ে যায় শিশু স্বাধীন। খবর পেয়ে তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী স্টেশনের উদ্ধারকর্মীরা প্রথমে একটি, পরে আরও দু’টি স্কেভেটর যোগ করে রাতজুড়ে মাটি সরানোর চেষ্টা চালান।

কর্মীরা কয়েক দফা ক্যামেরা নামিয়ে শিশুটিকে শনাক্ত করার চেষ্টা করলেও গর্তে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে কিছু দেখা যায়নি। দুপুরে শিশুটির কান্নার শব্দ শোনা গেলেও রাত থেকে কোনও সাড়া মেলেনি।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশুটি নিখোঁজই রয়েছে। ঘটনাস্থলে ভিড় জমায় শত শত মানুষ; পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হচ্ছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, “উদ্ধার অভিযান চলছে। গর্ত খনন শেষ হওয়ায় এখন সুড়ঙ্গ তৈরির কাজ চলছে।”