শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৭টার পর তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর—মুক্তিযুদ্ধের বিজয়ের ঠিক আগমুহূর্তে—পাকিস্তানি বাহিনীর সহযোগী আলবদর, রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা পরিকল্পিতভাবে দেশের শীর্ষ বুদ্ধিজীবীদের হত্যা করে। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী ও সংস্কৃতিসেবীদের চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয় রায়েরবাজার ও মিরপুরে। স্বাধীনতার দ্বারপ্রান্তে জাতিকে মেধাশূন্য করাই ছিল এই হত্যাযজ্ঞের উদ্দেশ্য।

প্রতি বছর ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, আর দেশজুড়ে শোকের আবহে স্মরণ করা হয় স্বাধীনতার সেই অপূরণীয় ক্ষতিকে।