বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৭, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয় বলে জানিয়েছে নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা ঘিরে সম্ভাব্য ঝুঁকি এবং কিছু গোষ্ঠীর তৎপরতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারতের দাবি, এসব তৎপরতা কূটনৈতিক মিশনের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ‘অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর বয়ান’ তৈরি করার চেষ্টা চলছে—যা ভারত প্রত্যাখ্যান করে। একই সঙ্গে ভারত জোর দিয়ে বলেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর, যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সহযোগিতামূলক উদ্যোগ।

ভারত শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানায়।

এর আগে রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশ সরকার। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের উদ্বেগ ও প্রত্যাশার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়।