২০ কোটি টাকার বেশি সব ঋণ পুনরায় যাচাই হবে: গভর্নর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ৭:১১ অপরাহ্ন

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে ২০ কোটি টাকার বেশি অঙ্কের সব ঋণ নতুন করে যাচাই করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও পরিচালনা পর্ষদকে জবাবদিহির আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে গভর্নর বলেন, এসব ঋণের বিপরীতে যথাযথ জামানত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবে, বাংলাদেশ ব্যাংক এতে কোনো হস্তক্ষেপ করবে না।

ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর স্বাধীনতা জরুরি উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক মানের আইন প্রণয়নের প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে। আইনটি পাস হলে সংস্কার কার্যক্রম আরও সহজ হবে।

গভর্নর জানান, দুর্বল পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ আমানতকারীরা তাদের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি।

খেলাপি ঋণের প্রকৃত হার প্রায় ৩৬ শতাংশে পৌঁছেছে স্বীকার করে ড. মনসুর বলেন, বড় ঋণে অনিয়ম খুঁজতে ফরেনসিক অডিট করা হবে। পাশাপাশি ব্যাংকনির্ভরতা কমিয়ে বন্ড মার্কেট বিকাশের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আসন্ন নির্বাচন ব্যাংকিং খাত সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এ বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার থাকা প্রয়োজন।