জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের কর্মী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছাবে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনকিলাব মঞ্চ জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে এবং সন্ধ্যা ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সকালে সিঙ্গাপুরের আঙ্গুলিয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে শহীদ হাদির রাষ্ট্রীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
আপনার মতামত লিখুন :