মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ৭:০২ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের উপ-প্রধান ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান, বীর উত্তম এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার ইন্তেকাল করেছেন।

বার্ধক্যজনিত জটিলতায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

১৯৩০ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া এ কে খন্দকারের পৈতৃক নিবাস পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা গ্রামে। ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা খন্দকার আব্দুল লতিফের সন্তান তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়।

মুক্তিযুদ্ধের নেতৃত্বে তাঁর ভূমিকা এবং স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তি নির্মাণে এ কে খন্দকারের অবদান দেশের ইতিহাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।