নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে লক্ষ্য করে হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে।
বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ জানান, রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি এসে হাইকমিশনের গেটে দাঁড়িয়ে বাংলা ও হিন্দি মিশ্র ভাষায় চিৎকার করেন। তারা হিন্দুদের নিরাপত্তার দাবি তোলার পাশাপাশি হাইকমিশনারকে লক্ষ্য করে উত্তেজনাকর বক্তব্য দেন। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান।
তিনি বলেন, বক্তব্যে হত্যার ইঙ্গিতপূর্ণ ভাষাও ছিল বলে ধারণা করা হচ্ছে, যদিও তারা কোনো ধরনের ভাঙচুর বা সহিংসতায় জড়ায়নি।
ঘটনার পরপরই হাইকমিশনার জরুরি ভিত্তিতে মিশনের ডিফেন্স উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ডিফেন্স উইং সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :