হাদি হত্যাকাণ্ড

শুটার ফয়সালসহ সংশ্লিষ্টদের হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: সিআইডি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

ঢাকা—ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন মাত্রা যোগ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব জানান, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে এই লেনদেন শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে এসব অর্থ মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে সন্দেহ করছে সিআইডি।

তিনি বলেন, ফয়সাল করিম মাসুদ এখনো পলাতক থাকলেও আলামত গোপন ও পালাতে সহায়তার অভিযোগে তার পরিবারের সদস্যসহ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন ব্যাংকের চেকবই বিশ্লেষণে প্রায় ২১৮ কোটি টাকার লেনদেনের রেকর্ড পাওয়া গেছে, যদিও এর সবগুলো চূড়ান্তভাবে নিষ্পন্ন হয়নি।

সিআইডি জানায়, এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে পৃথক অনুসন্ধান শুরু হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের ব্যাংক হিসাবে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়াও নেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক ছিল কি না—তা খতিয়ে দেখতে একাধিক তদন্ত দল কাজ করছে।

মূল অভিযুক্তকে গ্রেপ্তার এবং পুরো অপরাধচক্র উন্মোচন না হওয়া পর্যন্ত তদন্ত ও অভিযান চলবে বলে জানিয়েছে সিআইডি।