শাহজালালে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা ও অপারেশনাল কারণে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া অন্য কেউ বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই নিষেধাজ্ঞা এমন সময়ে এলো, যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে। তাঁর প্রত্যাবর্তন ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সার্বিক নিরাপত্তার দায়িত্বে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় অভিজ্ঞ একজন সাবেক সেনা কর্মকর্তাকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানায় বিএনপি।

অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিলেও, দলীয় স্বেচ্ছাসেবক ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে অতিরিক্ত প্রস্তুতি নিচ্ছে বিএনপি।