নয়াদিল্লি ভারতের রাজধানীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজন উগ্রপন্থি ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করেই এই বিক্ষোভের আয়োজন করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের নেতৃত্বে বিক্ষোভকারীরা হাইকমিশনের বাইরে জড়ো হন। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা স্লোগান দিতে থাকলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ দ্রুত অতিরিক্ত নিরাপত্তা জোরদার করে।
প্রতিবেদন অনুযায়ী, হাইকমিশনের চারপাশে একাধিক স্তরের ব্যারিকেড বসানো হলেও কয়েকজন বিক্ষোভকারী তা অতিক্রম করার চেষ্টা করেন। পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। পুরো এলাকা কড়া নজরদারিতে রাখা হয়।
নিরাপত্তা সংস্থাগুলো জানায়, সম্ভাব্য সহিংসতা এড়াতে আগে থেকেই সতর্কতা নেওয়া হয়েছিল। হাইকমিশন ভবনের চারদিকে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয় এবং ভিড় নিয়ন্ত্রণে অতিরিক্ত জনবল প্রস্তুত রাখা হয়।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগে ঢাকায় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। কূটনৈতিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
আপনার মতামত লিখুন :