নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চর দখলের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। মঙ্গলবার সকালে জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন, জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।
ঘটনাটি ঘটে সকাল ১০টার দিকে সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসংলগ্ন জাগলার চর এলাকায়। নিহতদের একজন আলাউদ্দিন (৪০), সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা। অন্য নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জাগলার চরের জমি এখনো সরকারি বন্দোবস্তের আওতায় না আসায় বিভিন্ন গ্রুপ সেখানে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছিল। সম্প্রতি দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে জমি বিক্রি ও দখলকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। মঙ্গলবার সেই বিরোধ সশস্ত্র সংঘর্ষে গড়ায়।
পুলিশ জানায়, সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কয়েকজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে আলাউদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গম চরাঞ্চল হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিকেলের দিকে ঘটনাস্থলে পৌঁছান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :