চাঁদপুর — ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি অংশে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর আহত ও নিহত যাত্রীদের ঢাকার সদরঘাটে আনা হয়। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানান, এ ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর ট্রাফিক পরিদর্শক বাবুলাল বৈদ্য বলেন, ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট–৩ লঞ্চটি ঘন কুয়াশার মধ্যে হাইমচর এলাকা অতিক্রম করার সময় ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার–৯-এর সঙ্গে সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন; পরে আহত অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এমভি কর্ণফুলী–৯ লঞ্চের মাধ্যমে জাকির সম্রাট–৩-এর যাত্রীদের ঢাকায় পাঠানো হয়। পথে আরও এক যাত্রীর মৃত্যু হয় বলে জানান সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :