বাংলার মুখ প্রতিবেদক
প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময়ে দলের কেন্দ্রীয় ও সারা দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে কর্মসূচির কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—প্রতিটি দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন এবং কেন্দ্রীয়ভাবে গুলশান ও নয়াপল্টনসহ জেলা কার্যালয়গুলোতে শোক বই খোলা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা শোকবার্তা লিখতে পারবেন।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার জানাজা, দাফন ও রাষ্ট্রীয় মর্যাদার বিষয়টি সরকারের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত করা হবে। তিনি বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার বিশেষ বৈঠক ডাকছে এবং বিএনপিও স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে।
আপনার মতামত লিখুন :