রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:২১ অপরাহ্ন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৪১ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটল তার মহাপ্রয়াণের মধ্য দিয়ে। ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর কঠিন সময়েই রাজনীতিতে পদার্পণ করা এই নেত্রী টানা চার দশকের বেশি সময় ধরে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেন।

বিএনপির দাপ্তরিক তথ্যানুযায়ী, ১৯৮২ সালে দলে যোগদানের পর অল্প সময়ের মধ্যেই সাংগঠনিক দক্ষতায় তিনি শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণের পর থেকে টানা ৪১ বছর দলটির নেতৃত্ব দেন। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে। উল্লেখযোগ্যভাবে, তিনি জীবনে কখনো কোনো সংসদ নির্বাচনে পরাজিত হননি।

১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খালেদা জিয়া বিশেষ মর্যাদা অর্জন করেন। নারী শিক্ষা ও ক্ষমতায়নে ভূমিকার জন্য তিনি বিশ্বজুড়ে প্রশংসিত হন এবং ২০০৫ সালে ফোর্বস ম্যাগাজিনের ক্ষমতাধর নারীদের তালিকায় স্থান পান।

রাজনৈতিক জীবনে তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কারাবরণ, দীর্ঘদিন গৃহবন্দিত্ব ও অসুস্থতার মধ্যেও তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিলেন। সর্বশেষ চিকিৎসার জন্য বিদেশে অবস্থান শেষে দেশে ফিরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

আজ ভোরে তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ, ঘটনাবহুল ও মহাকাব্যিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।