নির্বাচন ও গণভোটে নতুন বছরের পূর্ণতার প্রত্যাশা প্রধান উপদেষ্টার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:২৭ অপরাহ্ন

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বুধবার দেওয়া এক বাণীতে তিনি নতুন বছরে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, আশা ও সম্ভাবনার সূচনা, যা সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগায়। নতুন বছর যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি।

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, নতুন বছরে সব চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে সাম্য, ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে পূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে—নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।