শহীদ ওসমান হাদির স্মরণে ঢাবিতে ‘মোনাজাত-ই-ইনসাফ’


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শহীদ ওসমান হাদির স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের উদ্যোগে ‘মোনাজাত-ই-ইনসাফ’ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনব্যাপী ধর্মীয় ও স্মরণানুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা রোজা রাখেন এবং শহীদ ওসমান হাদি ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। দিনটি শুরু হয় রোজা পালনের মধ্য দিয়ে। বাদ জোহর সম্মিলিত কোরআন খতম, বিকেলে সালাতুল হাজত আদায়, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং টিএসসির সবুজ চত্বরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাগরিবের আগে রোজাদার শিক্ষার্থীরা সম্মিলিত ইফতারে অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তব্যে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক ফাতিমা তাসনিম জুমা বলেন, শহীদ ওসমান হাদির সংগ্রাম ছিল আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক লড়াইকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি বলেন, জীবদ্দশায় ওসমান হাদি নিজের স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে না পারলেও আজ তার চেতনা লাখো মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে।

তিনি শিল্প ও সংস্কৃতিতে বাংলাদেশের পরিচয় ও স্বকীয়তা তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, ভিন্ন সংস্কৃতির তাঁবেদারি কিংবা কৃষ্টি-সংস্কৃতির বিকৃতি রোধে বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে যেতে হবে।