সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের পরদিন তার কবরে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে যান পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাতনি জাইমা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা সেখানে উপস্থিত হন।
কবর জিয়ারতের সময় পরিবারের সদস্যরা কবরের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রায় ২০ মিনিট সেখানে অবস্থান শেষে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন। এ সময় পরিবারের অন্য সদস্যদের মধ্যে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার মেয়ে জাহিয়া রহমানসহ স্বজনরা।
ফজরের নামাজের পর থেকে সাধারণ মানুষের জন্য কবর জিয়ারতের সুযোগ উন্মুক্ত থাকলেও পরিবারের সদস্যদের আগমনকে কেন্দ্র করে প্রায় এক ঘণ্টার জন্য দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
এর আগের দিনও বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে দোয়া ও শ্রদ্ধা জানান। উল্লেখ্য, খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার জানাজা শেষে তাকে জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
আপনার মতামত লিখুন :