শরীফ ওসমান হাদি হত্যার বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুতই চার্জশিট দেওয়া হবে এবং এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের মেয়াদেই বিচার প্রক্রিয়া শেষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সবাইকে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে সহযোগিতা এবং বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা ভোট বানচাল করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :