সম্মিলিত ইসলামী ব্যাংকে উত্তোলন ১০৭ কোটি, জমা ৪৪ কোটি টাকা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

সম্মিলিত ইসলামী ব্যাংকে লেনদেন শুরুর প্রথম দুই দিনে গ্রাহকরা মোট ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করেছেন। একই সময়ে নতুন করে আমানত জমা পড়েছে ৪৪ কোটি টাকা। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, নতুন প্রণীত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্সের আওতায় মাত্র দুই মাসের মধ্যে সম্মিলিত ইসলামী ব্যাংকের লেটার অব ইনটেন্ট, মূলধন গঠন, সাইনবোর্ড স্থাপন ও লেনদেন শুরু করা সম্ভব হয়েছে, যা একটি ব্যতিক্রমী উদাহরণ। তিনি জানান, রেজুলেশন স্কিম অনুযায়ী আমানতকারীদের সঙ্গে লেনদেন চলছে এবং শিগগিরই স্বতন্ত্র পরিচালকসহ পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা হবে।

দুই দিনের লেনদেনের হিসাব তুলে ধরে তিনি বলেন, ১ ও ৪ জানুয়ারি মোট ১৩ হাজার ৩১৪টি উত্তোলনের মাধ্যমে ১০৭ কোটি টাকার বেশি টাকা তোলা হয়েছে। এর মধ্যে এক্সিম ব্যাংক থেকে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে। তবে একই সময়ে উল্লেখযোগ্য পরিমাণ আমানত জমা পড়ায় নেট হিসাবে পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

গভর্নর জানান, ব্যাংকের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে—সমন্বিত আইটি সিস্টেম চালু করা এবং পাঁচটি ব্যাংকের অতীত অনিয়ম তদন্তে ফরেনসিক অডিট সম্পন্ন করা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, শরিয়াহভিত্তিক মুনাফার হার বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে এবং গ্রাহকদের জন্য নতুন শরিয়াহসম্মত পণ্য চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী ১৯ জানুয়ারি সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।