যুক্তরাজ্যে ফিলিস্তিনি দূতাবাসের যাত্রা শুরু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সাড়ে তিন মাস পর যুক্তরাজ্যে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি দূতাবাস চালু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) থেকে লন্ডনে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ ফিলিস্তিনের দূতাবাস কার্যক্রম শুরু করে।

পশ্চিম লন্ডনে অবস্থিত ‘প্যালেস্টাইন মিশন ইন ব্রিটেন’-এর ভবনেই নতুন দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। এতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হুসাম জোমলত।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত হুসাম জোমলত বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ ব্রিটেনে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি জানান, ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরই এই কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত করা হয়।

গাজায় ইসরায়েলের চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়া, স্পেন, কানাডা-সহ একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। বর্তমানে পশ্চিমতীর অঞ্চলটি ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের সংগঠন পিএলওর নেতৃত্বাধীন ফাতাহ জোটের নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান