যুক্তরাষ্ট্রে ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তার আওতায়: ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারের একটি বড় অংশ মার্কিন সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রকাশিত তথ্যমতে, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় ৫৪ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা গ্রহণ করে থাকে।

রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিবাসী পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার সংক্রান্ত একটি পরিসংখ্যান প্রকাশ করেন। এসব সহায়তার মধ্যে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা ও আবাসন সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকাশিত তালিকায় বিশ্বের ১২০টি দেশ ও অঞ্চলের অভিবাসী পরিবারের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতকে তালিকার বাইরে রাখা হয়েছে, যার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

তালিকা অনুযায়ী, সরকারি সহায়তা গ্রহণে শীর্ষে রয়েছে ভুটানি অভিবাসী পরিবার—যাদের ৮১ দশমিক ৪ শতাংশ এ সুবিধা পায়। এরপর রয়েছে ইয়েমেনি পরিবার (৭৫ দশমিক ২ শতাংশ) ও সোমালি পরিবার (৭১ দশমিক ৯ শতাংশ)।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের ৬৮ দশমিক ১ শতাংশ, পাকিস্তানের ৪০ দশমিক ২ শতাংশ এবং নেপালের ৩৪ দশমিক ৮ শতাংশ পরিবার মার্কিন সরকারের সহায়তা কর্মসূচির আওতায় রয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।