বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৭:২২ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এ তথ্য জানান।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। কেবল জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট থাকলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে নির্বাচন পর্যবেক্ষণ জাতিসংঘের কার্যপরিধির মধ্যে নেই বলে তিনি উল্লেখ করেন।

তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয় নির্বাচনসংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানান মুখপাত্র। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ নিয়মিতভাবেই নির্বাচন প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দিয়ে থাকে।

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে দুজারিক বলেন, জাতিসংঘ কোনো রাজনৈতিক ঘটনা বা সংবাদ বিশ্লেষণ করে না। তবে তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ যেন অবাধ ও স্বাধীনভাবে রাজনৈতিক মত প্রকাশ করতে পারে—এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন অব্যাহত রাখবে।

এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনায় জাতিসংঘ গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বলে জানান মহাসচিবের মুখপাত্র।