পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে: আসিফ মাহমুদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৭:৫২ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সতর্ক করেছেন, দেশে আরও একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে এবং তা ভোটের আগেই প্রতিহত করা হবে। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

আসিফ মাহমুদ বলেন, “একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব স্পষ্ট। সরকারি কর্মকর্তাদের ওই দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তবে যদি পুরনো সেটেলমেন্টের পথে যাওয়া হয়, আমরা তা রুখে দেব। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে না।”

তিনি এনএসআই প্রধানের একটি পার্টি অফিসে বৈঠক করা নিয়েও সমালোচনা করেন। এছাড়া ভোটের পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, “চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের পরিবেশ সৃষ্টি করতে পারেনি ইসি ও সরকার। এই অবস্থায় ইসির প্রতি আমাদের আস্থা নেই।”

মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় নিরপেক্ষতা না থাকায় বড় দলগুলোর পক্ষে রিটার্নিং অফিসার কাজ করার অভিযোগও তুলেছেন তিনি। এছাড়া আপিল প্রক্রিয়ায় ইসির নিরপক্ষতা না থাকলে সুষ্ঠু নির্বাচনের প্রশ্ন ওঠার আশঙ্কা প্রকাশ করেন।

এনসিপি মুখপাত্র আরও সতর্ক করেছেন যে, জাতীয় পার্টিকে ভোটে অংশগ্রহণ থেকে বিরত রাখতে কোনো ষড়যন্ত্র সফল হলে তা রুখে দেওয়া হবে।