এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, বিক্রি শুরু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর এলপি গ্যাস ব্যবসায়ীরা তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছেন। বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে একই দিন থেকেই সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি পুনরায় শুরু হয়েছে।

এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সেলিম খান জানান, দোকানে ভোক্তা অধিকার কর্তৃপক্ষের অভিযান বন্ধ এবং ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি তারা বৈঠকে তুলে ধরেছেন।

উল্লেখ্য, এলপিজির সংকট ও মূল্য অস্থিরতার প্রতিবাদে বুধবার রাতে দেশব্যাপী অভিযান ও জরিমানার ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ীরা। একই সঙ্গে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

সরকারের পক্ষ থেকে আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ এবং এলপিজি আমদানিতে ব্যাংকঋণ ও এলসি খোলার প্রক্রিয়া সহজ করার উদ্যোগের প্রেক্ষাপটে বৈঠকের মাধ্যমে সমাধানে পৌঁছায় দুই পক্ষ।