ইরানজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, তেহরানে এক রাতে দুই শতাধিক নিহতের দাবি


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী তেহরানে শুরু হওয়া আন্দোলন এখন দেশটির সব ৩১ প্রদেশে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের দাবি, চলমান বিক্ষোভে শুধু তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে বিক্ষোভ চরম আকার ধারণ করলে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি চালায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসকের বরাতে টাইম জানায়, তেহরানের ছয়টি হাসপাতালে অন্তত ২১৭ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে, যাদের বেশিরভাগই গুলিতে নিহত।

হতাহতের এই তথ্য নিশ্চিত হলে তা বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছে সাময়িকীটি। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষার অভিযোগও উঠেছে।

শুক্রবার রাতেও তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। তবে হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে টাইম ম্যাগাজিন।