মুসাব্বির হত্যায় প্রধান শুটারসহ তিনজন গ্রেপ্তার


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে প্রধান শুটারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মামলার প্রধান শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের সন্দেহভাজন পরিকল্পনাকারী বিল্লাল। বাকি একজনের ভূমিকা তদন্তাধীন রয়েছে।

এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তেজতুরী বাজারের স্টার হোটেলের গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুসাব্বির (৪৫)।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।